জাকারিয়া কামাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে কিছমত রহিমপুর এলাকার ডিআর স্কুলের মাঠসংলগ্ন পাকা সড়কে কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।
পুলিশ আরও দাবি করেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক এবং জনমনে ভীতি সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ঘটনায় মুরাদনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তালিকায় গ্রেপ্তার ১৩ জনের মধ্যে কয়েকজনের বয়স ১৮ থেকে ১৯ বছর। এছাড়া চারজনকে ১৪ থেকে ১৬ বছর বয়সী হিসেবে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ উল্লেখ করা হয়েছে। শিশুদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯ ধারায় নিষিদ্ধ সত্তাকে সমর্থন দেওয়া এবং তাদের সভা-সমাবেশ বা কর্মকাণ্ডে উৎসাহিত করার বিষয়ে অপরাধের বিধান রয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।