চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় খুন, আটক ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০১ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় খুন, আটক ৬

চট্টগ্রাম ব্যুরো

 

চট্টগ্রাম নগরের খুলশীতে চাঁদাবাজি এবং একটি কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
 

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। মঙ্গলবার রাতে খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 

নিহত হৃদয় পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসিন্দা। পুলিশ বলছে, সে স্থানীয় ওই কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। কয়েক দিন ধরে গ্যাংটির কয়েকজন সদস্যের সঙ্গে তার বিরোধ চলছিল। এর মধ্যে এলাকায় চাঁদাবাজি এবং ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের বিষয়ও ছিল।
 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ভাত খাচ্ছিল হৃদয়। এ সময় এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ছুরিকাঘাত করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 

ওসি বলেন, হৃদয় তার বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত। ওই দোকান থেকে চাঁদাবাজি এবং এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধের তথ্য পাওয়া গেছে। এসব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

পুলিশের ভাষ্য, স্থানীয় কিশোর গ্যাংটির সদস্যদের নিয়ে এলাকায় বিভিন্ন বিরোধের তথ্য রয়েছে। উঠতি তরুণদের নিয়ে গঠিত ওই গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে পুলিশ জানিয়েছে।
 

ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।