আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে ১৬০ মিটারের রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে ১৬০ মিটারের রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত

আসন্ন পবিত্র ঈদুল আযহায় ঘরমুখো মানুষের ঢাকা থেকে বহির্গমন এবং প্রবেশ পথকে যানজটমুক্ত ও সম্পূর্ণ নির্বিঘ্ন করার লক্ষ্যে একটি বড় অগ্রগতি অর্জিত হয়েছে। আজ ২৩ মে ২০২৬ তারিখ সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ পয়েন্ট আব্দুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় সদ্যনির্মিত ১৬০ মিটার ‘রিজিড পেভমেন্ট’ অংশটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন এবং জনসাধারণের যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেন।

 

সড়কটি উন্মুক্তকরণ শেষে সেতু সচিব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার আর মাত্র কিছু দিন বাকি। এই চ্যালেঞ্জিং সময়ের পূর্বেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ১৬০ মিটার রিজিড পেভমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করে এই সড়কটি সময়মতো চালু হওয়ায় ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

 

সচিব সেতু বিভাগ আরও বলেন, নবনির্মিত লেনের বিপরীত দিকে অবস্থিত বিদ্যমান লেনটি যেন অনতিবিলম্বে অস্থায়ীভাবে সংস্কার ও কার্পেটিং করে মেরামত করা প্রয়োজন। ঈদে উভয়মুখী যানবাহন চলাচল যেন কোনো ধরনের যান চলাচল বাধাগ্রস্ত না হয় এবং ট্রাফিক প্রবাহ যেন সম্পূর্ণ স্বাভাবিক ও নির্বিঘ্ন থাকে, তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন।

 

আব্দুল্লাহপুর ইন্টারসেকশনটি ঢাকার অন্যতম প্রবেশদ্বার হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানবাহনের চাপ থাকে। আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের এই আধুনিক ও টেকসই রিজিড পেভমেন্ট সড়কটি সচল হওয়ার মাধ্যমে ভারী যানবাহনসমূহ কোনো প্রকার ধীরগতি ছাড়াই এলাকাটি পার হতে পারবে। এই সংস্কারের ফলে ঈদ চলাকালীন সময়ে সড়কের কারণে এই পয়েন্টে কোনো প্রকার যানজট সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষ অত্যন্ত স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

 

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।