অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চারজনের পরিচয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে একজন কুয়েত থেকে দেশে ফেরার প্রস্তুতিতে ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
গত রোববার ইরান পরিচালিত ড্রোন হামলায় কুয়েতে অবস্থিত একটি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই ছয় মার্কিন সেনা প্রাণ হারান।
নিহতদের একজন মিনেসোটার বাসিন্দা নিকোল আমোরের স্বামী জোয়ি আমোর। তিনি বলেন, “সে প্রায় বাড়ি ফিরে আসছিল। কুয়েতের মতো জায়গায় এমন কিছু ঘটবে—কেউই তা ভাবেনি।”
পরিচয় শনাক্ত হওয়া অন্য তিন সেনা হলেন ক্যাপ্টেন কোডি কর্ক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াহ টিজেন্স (৪২) এবং সার্জেন্ট ডেক্লান কোডি (২০)। তারা সবাই আর্মি রিজার্ভের সদস্য এবং লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালন করতেন। সেনাদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন তারা।
নিহত বাকি দুই সেনার পরিচয় যাচাই প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।