লালবাগের খেলার মাঠে অবৈধ খননের জন্য ওয়াসাকে জরিমানা করল দক্ষিণ সিটি
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১০ জুলাই ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ
|
৮৯১ বার পঠিত
বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সড়ক খনন করার ঘটনায় ঢাকা ওয়াসাকে ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সড়ক খনন নীতিমালা, ২০১৯-এর ১.৩.৫ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে বলে জানিয়ে ডিএসসিসি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী মিঠুন চন্দ্র শীল জরিমানা আরোপ সংক্রান্ত বিষয়ে গতকাল সোমবার রাতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেন। ঢাকা ওয়াসা আজ মঙ্গলবার দক্ষিণ সিটির ওই পত্র গ্রহণ করে।
বিনা অনুমতিতে সড়ক খনন ফি পাঁচ গুণ জরিমানা বাবদ ১১ লাখ ৯২ হাজার ৫১৫ টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট বাবদ এক লাখ ৭৮ হাজার ৮৭৭ টাকাসহ সর্বমোট ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
আগামী তিন কার্যদিবসের মধ্যে চালান/পে অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে পত্রে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।