ঢাকায় মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য সুখবর। যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
ডিএমটিসিএলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তরা উত্তর ও মতিঝিল-উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি চালু হলে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
তবে সময় বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সময়সূচি অনুযায়ী ২০ মিনিটের বিরতি বজায় রেখেই অতিরিক্ত একটি ট্রিপ পরিচালনা করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর জানিয়েছে, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ এবং রাতে যাতায়াতকারী যাত্রীরা এর মাধ্যমে উপকৃত হবেন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। প্রথমে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়।
এরপর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু হয়। বর্তমানে মেট্রোরেল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।