সচিবালয়ে বুধবার প্রথম কর্মদিবস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
সচিবালয়ে বুধবার প্রথম কর্মদিবস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
 

সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।
 

সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন তিনি।
 

প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন। এরপর বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করার কথা রয়েছে।
 

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, বৈঠকগুলোর জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা এখনো নির্ধারিত হয়নি।