স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতে শিশুদের নিয়মিত টিকা না দেওয়ায় দেশে হামের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে কিছু মায়ের বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে অবহেলার কারণেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।
সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তৃতীয় ধাপ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কিছু মা স্টাইলের কারণে, আবার কেউ কর্মব্যস্ততার কারণে সন্তানকে বুকের দুধ খাওয়ান না। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং হামের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ে।
তিনি আরও বলেন, সরকারের দ্রুত পদক্ষেপে হামের প্রকোপ কিছুটা কমেছে এবং দেশে টিকার কোনো ঘাটতি নেই। বর্তমান মজুত দিয়ে অন্তত জুন পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব।
আজ থেকে সারাদেশে তৃতীয় দফায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান শুরু হয়। সেখানে ২১ লাখ ৮০ হাজার ১০৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ শিশুকে টিকা দেওয়া হয়েছে।