আইনি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত সম্মানিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ   |   ৯৯ বার পঠিত
আইনি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত সম্মানিত

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

 


অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদান এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে নির্যাতিত ও অসহায় মানুষের আইনি সহায়তায় সক্রিয় ভূমিকা এবং এসিড সন্ত্রাস প্রতিরোধে অবদান রাখার জন্য ‘আইন ও অধিকার সংস্থা’র সভাপতি ও লড়াকু আইনজীবী উত্তম কুমার দত্ত সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তার এই মানবিক ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানিত করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। স্বাগত বক্তব্য দেন মঞ্চের সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব।

 

এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ লিপন, ড. শিপক কৃষ্ণ দেবনাথ, ডা. মালিহা সাবাহ্ প্রমুখ।

 

বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি অতিথিদের স্মৃতিচারণ, সারাদেশ থেকে আগত সাংবাদিকদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।