গোপালগঞ্জেও পথসভা করল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
গোপালগঞ্জেও পথসভা করল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা বিভাগীয় লংমার্চের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগে গোপালগঞ্জে কোনো পথসভা না করার ঘোষণা দেওয়া হলেও স্থানীয় নেতা-কর্মীদের দাবির মুখে শনিবার সকালে এ কর্মসূচি পালন করেন জোটের নেতারা।
 

শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে লংমার্চ শুরু করে জোটের গাড়িবহর। পথে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা ঘুরে বহরটি গোপালগঞ্জের কাশিয়ানীতে পৌঁছায়। সেখানে ভাটিয়াপাড়া বাজার মোড়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি ছিলেন পথসভার একমাত্র বক্তা।
 

এ সময় গাড়িবহর ঘিরে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। অন্য স্থানগুলোর মতো এখানে কোনো মঞ্চ তৈরি করা হয়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে হাজারো উচ্ছ্বসিত মানুষের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি ঘিরে অতীতেও উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সেখানে হামলার ঘটনা ঘটে। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হামলায় পুলিশও আক্রান্ত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত চারজন আওয়ামী লীগ সমর্থক নিহত হন।
 

এর আগে লংমার্চ ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে জামায়াত জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল, গাড়িবহর গোপালগঞ্জ শহরের ওপর দিয়ে গেলেও সেখানে কোনো পথসভা বা সমাবেশ করা হবে না। তবে স্থানীয় নেতা-কর্মীরা গোপালগঞ্জে অন্তত একটি সংক্ষিপ্ত পথসভা আয়োজনের দাবি জানান। তাদের যুক্তি ছিল, সেখানে কোনো কর্মসূচি না হলে স্থানীয় নেতা-কর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। শেষ পর্যন্ত তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 

পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোট অনড় ভূমিকা পালন করবে।
 

পথসভা শেষে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে যাত্রা করে।