হামে শিশুমৃত্যু: তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৩:০৫ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
হামে শিশুমৃত্যু: তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি ও এতে শিশুমৃত্যুর ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

 

রুলের জবাব দিতে যেসব কর্মকর্তাকে বলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

 

এই বিষয়ে রিটটি ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম দায়ের করেন। আবেদনে তিনি দাবি করেন, হামের টিকা কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

 

রিটে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হামের পরিস্থিতি ও শিশুমৃত্যু নিয়ে আগাম সতর্কতা দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এ সময় টিকাদান ব্যবস্থাপনা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

 

আবেদনকারী আরও অনুরোধ করেছেন, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ও ২৪ জন সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হোক।

 

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।