মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ণ   |   ৫৬৬ বার পঠিত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোমানা মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা এবং ঢাকার জর্জ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
 

জানা যায়, রোমানা আক্তার তার চাচাতো ভাই বাবুর মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনী যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়াডোব এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়, এতে দুই মোটরসাইকেলের চালকসহ মোট চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রোমানাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
 

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তারিক আহমেদ জানান, গুরুতর আঘাতের কারণেই রোমানার মৃত্যু হয়েছে।
 

পরিবারের বরাতে জানা গেছে, ব্যক্তিগত কাজে রোমানা চাচাতো ভাই বাবুর সঙ্গে মেহেরপুর থেকে গাংনী যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।
 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।