দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ বুধবারও (১ এপ্রিল) সেই তালিকায় ঢাকার স্থান অষ্টম। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এ তথ্য জানায়।
সংস্থাটি থেকে জানা যায়, বিশ্বের ১১৪টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।
থাইল্যান্ডের চিয়াং মাই শহর ২৫০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে। এদিকে পাকিস্তানের লাহোর ও চীনের সাংহাই যথাক্রমে ১৬৩ ও ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।