নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউপি নির্বাচনের তফসিল কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন ঘোষণা করবে না। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন শুধু নির্বাচনের ধাপ ও ভোটগ্রহণের তারিখ জানিয়ে দেবে।
পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।