ঢাকা ও চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৫:১১ অপরাহ্ণ   |   ৬০৬ বার পঠিত
ঢাকা ও চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিজিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে আরও ৬ প্লাটুন বিজিবি।
 

জানা গেছে, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে তাকে উপস্থাপন করা হলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 

এই ঘটনা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার সারাদেশে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।