জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী অমিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৭ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী অমিত

ঝিনাইদহ প্রতিনিধি


 

জ্বালানি তেলের দাম বাড়ানোর আর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
 

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।
 

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পাশাপাশি দুটি দেশে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলে এবং দুই দেশের দামের মধ্যে বড় পার্থক্য থাকলে তেল পাচারের আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে। মূলত পাচার রোধ এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবহন ভাড়া নির্ধারণের দায়িত্ব যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তা নিশ্চিত করবে।
 

কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বলেন, কৃষকের সেচ কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিকল্প উদ্যোগ হিসেবে পর্যায়ক্রমে সেচপাম্পগুলো সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
 

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানো হবে। কৃষকেরা সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচপাম্প পরিচালনা করতে পারলে উৎপাদন খরচও অনেকাংশে কমে আসবে।
 

ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আইনমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়নের গতি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
 

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াতের সমালোচনা করে বলেন, ‘জামায়াত বিরোধী দল থেকে জালিমে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। এর জবাব জনগণই দেবে।’ তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ে জামায়াত ও শিবির আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।
 

অনুষ্ঠানে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।