এত কষ্টে বড় করা ছেলেকে এভাবে হারিয়ে ফেলব তা কখনো ভাবিনি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০১:৫৯ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
এত কষ্টে বড় করা ছেলেকে এভাবে হারিয়ে ফেলব তা কখনো ভাবিনি

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে পরিবারে। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে বাবার আহাজারিতে স্তব্ধ হয়ে যায় আশপাশের পরিবেশ।

 

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লিমনের মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, স্বজনরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন লিমনের বাবা-মা।

 

শোকে মুহ্যমান বাবা জহুরুল হক বলেন, ছেলেকে এত কষ্টে বড় করেছেন, কখনো ভাবেননি এভাবে তার মৃত্যু হবে। সন্তানের অকাল মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় নিজ জেলা জামালপুরে। পরিবার সূত্রে জানা গেছে, মাদারগঞ্জে বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

লিমনের মামা জানান, হত্যার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। পরিবারও এ বিষয়ে কোনো ধারণা পায়নি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা কামনা করেন।

 

২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর কয়েকদিন পর একটি সেতুর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।