জুলাই সনদ ইস্যুতে ছলচাতুরী করছে সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মে ২০২৬ ০১:২৯ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
জুলাই সনদ ইস্যুতে ছলচাতুরী করছে সরকার

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়নকে এড়িয়ে যেতে চাইছে। তার মতে, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার কার্যক্রম পরিচালিত হওয়া প্রয়োজন।

 

নাহিদ ইসলাম অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্রীয় সংস্কারের পথ নির্ধারণ করতে হবে।

 

এ সময় বিএনপিরও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা এখন তার বিরোধিতা করছে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

আন্দোলনের কর্মসূচির বিষয়ে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথেও যেতে পারে এনসিপি।