মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো:
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
বুধবার সকাল ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভির আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, ডিজিএম আসাদুজ্জামান, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা পারভীন।
এ ছাড়া সভায় রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজ হরিদাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অবিনাশ সাহা ও সাধারণ সম্পাদক রাহুল কুমার সাহাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, চারঘাট উপজেলা দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন রয়েছে, তা ধরে রেখে শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।