সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মে ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


 

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন মেয়ে ও একমি গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা।
 

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। একই সঙ্গে তিনি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান একমি গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
 

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদল এবং ২০০১ সালে সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন তিনি।
 

২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও, সরকার পতনের পর ২০২৫ সালে পুনরায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও অসুস্থতার কারণে তাঁর পরিবর্তে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ-কে প্রার্থী করে দল।
 

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।
 

শিক্ষাজীবনে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৫ সালে পারিবারিক প্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দিয়ে ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
 

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দিয়ে দীর্ঘ সময় কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্যও এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।