সাভারে হকারদের হামলায় চোখ থেঁতলে গেল আনসার সদস্যের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মে ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ   |   ১৭ বার পঠিত
সাভারে হকারদের হামলায় চোখ থেঁতলে গেল আনসার সদস্যের

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখতে গেলে হকারদের হামলার শিকার হয়েছেন আনসার সদস্যরা। এ ঘটনায় এক প্লাটুন কমান্ডারের দুই চোখ গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

শুক্রবার বিকেলে নিউমার্কেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামান, সদস্য মো. মুন্না, মো. মাহিন, বরকতউল্লাহ মামুন, রিয়াদ ও তৌহিদুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন হকাররা। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কিছুদিন আগে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এরপর নিয়মিত নজরদারিতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা।

 

শুক্রবার বিকেলে পুনরায় ফুটপাত দখলের খবর পেয়ে আনসারের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আহত সদস্যদের ভাষ্য অনুযায়ী, লাঠি, রড, চাপাতি ও ইট নিয়ে একদল হকার অতর্কিতভাবে হামলা করে। এতে কয়েকজন সদস্য রক্তাক্ত হন।

 

আহত সদস্য বরকতউল্লাহ মামুন জানান, হামলাকারীদের সংখ্যা ছিল অনেক বেশি এবং আনসার সদস্যদের হাতে শুধু লাঠি থাকায় প্রতিরোধ গড়া সম্ভব হয়নি। হামলার সময় প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের চোখে গুরুতর আঘাত লাগে এবং সদস্য মুন্নার মাথা ফেটে যায়।

 

ল্যাব জোন হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছয়জনকে সেখানে নেওয়া হলে গুরুতর অবস্থায় শামসুজ্জামানকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। এছাড়া মাথায় গুরুতর আঘাত পাওয়া মুন্নাকে ভর্তি করা হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

 

চিকিৎসক শফিকুল ইসলাম জানিয়েছেন, শামসুজ্জামানের দুই চোখেই গুরুতর জখম হয়েছে এবং আপাতত তিনি দেখতে পাচ্ছেন না।

 

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আহত কর্মকর্তার চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

 

ঘটনার বিষয়ে জানতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।