কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানোর ঘটনায় এসি ল্যান্ড বদলি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ এপ্রিল ২০২৬ ০৭:০২ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানোর ঘটনায় এসি ল্যান্ড বদলি

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে বদলি করা হয়েছে। তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

 

এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনা ঘটে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।

 

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহরের প্রতিনিধি আব্দুল আলীম।

 

জানা যায়, নামজারি সংক্রান্ত তথ্য জানতে গেলে এসি ল্যান্ড ফয়সাল আল নূর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকেন। পরে পুলিশ এসে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। সেখানে তাদের মোবাইল ফোন জব্দ করে ভিডিও মুছে ফেলা হয়।

 

পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘এসি ল্যান্ডকে চাকরি থেকে অব্যাহতি দিলে আমরা খুশি হতাম। তবে তাকে ভূমি অফিস থেকে সরানোয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

 

কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ফয়সাল আল নূরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।’