বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ   |   ৩৮ বার পঠিত
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

এরপর দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।