শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁওয়ে এলেন তিনি। এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইতে আসেন।
সকাল সাড়ে ১১টার দিকে জনসভাস্থলে উপস্থিত হলে তারেক রহমানকে ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠসহ আশপাশের এলাকা। জনসভার শুরুতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পরে বক্তব্যে তারেক রহমান বিএনপির উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় জনগণের কোনো লাভ নেই। জনগণ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন, আর সেই পরিবর্তন আনতেই বিএনপি কাজ করতে চায়।
ঠাকুরগাঁওসহ আশপাশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন এবং পুরাতন বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
জনসভা শেষে ঠাকুরগাঁও ও আশপাশের কয়েকটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা শুনে তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।