অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ০৩:২৮ অপরাহ্ণ   |   ১১৩ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার, সেসবও যাচাই-বাছাই করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় অনেক হয়রানিমূলক মামলা করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এর কিছু প্রত্যাহার করা হলেও সব ধরনের মামলা অন্তর্ভুক্ত হয়নি। 

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তাঁর নিজের নামে, এমনকি দেশনেত্রী খালেদা জিয়ার নামেও অস্ত্র ও হত্যা মামলা ছিল। অনেক নেতার বিরুদ্ধে মাদক মামলাও দেওয়া হয়েছিল।

সালাহউদ্দিন আহমদ জানান, এসব মামলা যাচাই-বাছাই করে উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হলে তা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মামলাগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে, পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি যাচাই শেষে উপযুক্ত মনে করলে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহার করা হবে।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে কিছু রাজনৈতিক বক্তব্যে মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়েছিল, এমন প্রেক্ষাপটে সীমান্তে পুশব্যাক বাড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতির সম্ভাবনা কম বলেই তিনি মনে করেন।