বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৩ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

 

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে পরিবহন মালিকরা। কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।
 

সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।
 

বৈঠকে দেওয়া প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে।
 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই হিসাবে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
 

তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।’
 

এখন ভাড়া সমন্বয় কমিটির সুপারিশ সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাসভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 

এর আগে রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে। এটি দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।
 

চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।