জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০১:৪৪ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে।

 

ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন।

 

গত মাসে এমভি তুসকা নামের ইরানি জাহাজটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ বলেন, ‘আজ, এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে হস্তান্তরের কাজ শেষ করেছে মার্কিন বাহিনী। তাদের দেশে (ইরান) প্রত্যাবাসন করা হবে।’

 

যুক্তরাষ্ট্র গত ২০ এপ্রিল ইরানের কনটেইনারবাহী জাহাজটি জব্দ করে। বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটিকে আটক করা হয়েছে। এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে চিহ্নিত করে তেহরান।

 

সেন্টকম জানায়, এমভি তুসকায় থাকা ছয়জনকে গত সপ্তাহে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি আঞ্চলিক দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ছয়জন জাহাজটির নাবিকদের পরিবারের সদস্য। সূত্র: আল-জাজিরা