রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, বর্তমানে আগের মতো পরিচিত কোনো শীর্ষ সন্ত্রাসী সক্রিয় নেই। তবে অতীতে যাদের নাম ছিল, তাদের সহযোগীরাই এখনো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
তিনি আরও জানান, কিছু অপরাধী পুরোনো শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হচ্ছে এবং তালিকা নিয়মিতভাবে আপডেট করা হচ্ছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।
কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জনবলও বাড়ানো হবে।
তিনি বলেন, এই এলাকায় অপরাধ দমনের লক্ষ্যেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতে রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
চলমান অভিযান প্রসঙ্গে মো. সরওয়ার জানান, মাদক ও চাঁদাবাজিবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি গোপন নজরদারি ও নিয়মিত অভিযান বাড়ানো হয়েছে।
মামলা গ্রহণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো থানায় মামলা নিতে অস্বীকৃতি জানানো হলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট সহকারী কমিশনার, উপপুলিশ কমিশনার বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।