তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনে শুরু হওয়া এ সভাকে কেন্দ্র করে বোর্ড কার্যালয়ের বাইরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
হেলপারদের নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের মুক্তি এবং শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদ।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক সংগঠনগুলোর ব্যানার ও ফেস্টুনে হেলপারদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, মজুরি বোর্ডের সময়ক্ষেপণ বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়।
এ ছাড়া গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তি, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানি বন্ধ এবং মজুরি আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
শ্রমিক সংগঠনগুলোর নেতারা দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং তৈরি পোশাকশিল্পে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।
অন্যদিকে অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য চারটি গ্রেডে যথাক্রমে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ১৬ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ৮ হাজার টাকা।
দীর্ঘদিন ধরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ কারণে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।