“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে গোপালগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০৮:৩৫ পূর্বাহ্ণ   |   ৫২ বার পঠিত
“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে গোপালগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

গোপালগঞ্জ প্রতিনিধি:


 


 

“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
 

জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত অতিথি, শিল্পী ও কলাকুশলীরা। পুরো আয়োজনজুড়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সভানেত্রী তানজিলা শেলী। বিশেষ অতিথি ছিলেন পুনাক গোপালগঞ্জের সহসভানেত্রী জারিন তাসনিম নুসরা।
 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
 

আয়োজকরা জানান, পুলিশের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আনন্দঘন এ সাংস্কৃতিক সন্ধ্যা অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।