নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলা-এ পুকুর খননের সময় প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খননকালে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মূর্তিটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মূর্তিটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।