জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়বে: অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া

অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া
আবদুল হাকিম রানা দক্ষিণ চট্রগ্রাম:
গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ঈদগাহ ময়দানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণজাগরণ। আওয়ামী লীগের শাসনের অবসান হলেও প্রত্যাশিত বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসেনি। এর ফলে দলটি ধীরে ধীরে জনগণের সমর্থন হারাচ্ছে। জনগণ শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নোমান উদ্দীন এবং এবি পার্টির জেলা যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জায়েদ হাসান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, জাগপার খোরশেদ আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলমসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথি অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দলটিকে আওয়ামী লীগের অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা ও মতামতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অন্যথায় জনগণ আবারও গণআন্দোলনে নামতে পারে বলেও মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা জোবাইরুল আলম মানিক বলেন, জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ যেমন মানুষের অধিকার হরণ করেছে, তেমনি বর্তমানে বিএনপিও জনগণের ভোটাধিকার উপেক্ষা করার পথে হাঁটছে। গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি জুলাই গণআন্দোলনের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং জুলাইয়ের ঘটনাবলির বিচার নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি সরকারকে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে একটি গণমিছিল বের করেন।