মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ   |   ৪৮ বার পঠিত
মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মাধবপুর প্রতিনিধি:

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, পৌর মহিলা দলের সভাপতি ইশরাক জাহান ডলি এবং সমবায়ী আসকির মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।