যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, তবু খেলোয়াড়দের নিয়ে গর্বিত বসনিয়া কোচ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৬ ০১:০৩ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, তবু খেলোয়াড়দের নিয়ে গর্বিত বসনিয়া কোচ

স্পোর্টস ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলের পরাজয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ থেকেই বিদায় নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তবে এই বিদায়কে কোনোভাবেই ব্যর্থতা হিসেবে দেখছেন না দলের প্রধান কোচ সের্গেই বারবারেজ। বরং বিশ্বকাপে দলের পারফরম্যান্সকে দেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
 

সান ফ্রান্সিসকোতে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বারবারেজ বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। এই অর্জন আমাদের উদযাপন করা উচিত, দুঃখ করা নয়। এটাই জীবন, এটাই ফুটবল, বিশেষ করে এমন বড় একটি প্রতিযোগিতায়।’
 

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম নকআউট পর্বে খেলেছে বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বে স্বাগতিক কানাডার সঙ্গে ড্র, কাতারের বিপক্ষে জয় এবং সুইজারল্যান্ডের কাছে পরাজয়ের পর শেষ বত্রিশে জায়গা করে নেয় দলটি।
 

মূল পর্বে ওঠার পথও সহজ ছিল না বসনিয়ার জন্য। বাছাইপর্বের প্লে-অফে ওয়েলস ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপের মূল আসরে জায়গা নিশ্চিত করে তারা।
 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে নিজেদের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন বারবারেজ। তিনি বলেন, বলের দখল কাজে লাগাতে না পারা, ভুল সিদ্ধান্ত এবং পর্যাপ্ত গোলের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হওয়াই পরাজয়ের অন্যতম কারণ। তবে এসবের জন্য খেলোয়াড়দের দোষারোপ না করে তাদের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
 

বারবারেজের ভাষায়, ‘আমরা দুই গোলে পিছিয়ে ছিলাম। কিন্তু মাঠে খেলোয়াড়দের লড়াই দেখে আমার হৃদয় গর্বে ভরে গেছে। এই মুহূর্তে আমি নিজেকে বিশ্বের সবচেয়ে গর্বিত কোচ মনে করছি।’
 

বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বসনিয়া কোচ। তার বিশ্বাস, দেশের মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনাই এই সাফল্যের প্রকৃত মূল্য আরও স্পষ্ট করে তুলবে। তিনি বলেন, ‘ভিডিও বার্তা বা ফোনকল অবশ্যই ভালো লাগে। কিন্তু মানুষের মাঝে ফিরে যাওয়ার পরই আমরা বুঝতে পারব, আমাদের এই অর্জন কতটা বড়।’