৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩২ অপরাহ্ণ   |   ২৫ বার পঠিত
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

পাঁচটি পৃথক মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হত্যাসহ এসব মামলায় দায়ের করা পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
 

শুনানিতে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন আদালতে যুক্তি উপস্থাপন করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজুসহ অন্যরা।
 

যেসব মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের একটি মামলা।
 

মামলার নথি অনুযায়ী, আগের পাঁচ মামলায় জামিন পাওয়ার কাছাকাছি সময়ে এসব নতুন মামলা দায়ের করা হয়। এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী। ফতুল্লা মডেল থানায় দায়ের করা এসব মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কসহ ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে বিভিন্ন বয়সী চারজন নিহত হন।
 

অন্য মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করে। অভিযোগে বলা হয়, আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাঁকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১২ মে মামলাটি দায়ের করা হয়। মামলায় আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।
 

এর আগে, ২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই সময় তাঁকে মোট পাঁচটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়।
 

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে এসব পাঁচ মামলায় জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-এর চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।
 

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। আরেক আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পরবর্তী পাঁচ মামলায় জামিন হলেও আগে দায়ের করা মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় আইভীর মুক্তি বিলম্বিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের ছুটির আগেই এসব মামলার শুনানি অনুষ্ঠিত হবে।