বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর Cannes Film Festival-এর শর্ট ফিল্ম কর্নারের ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Nuri। সম্প্রতি ছবিটি উৎসবের মার্কেট ক্যাটালগে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলচ্চিত্রটির লেখক ও পরিচালক Mithun Zaman এবং প্রযোজক Hasib Zubery Shihan বর্তমানে উৎসবে অংশ নিতে ফ্রান্সের কান শহরে অবস্থান করছেন।
প্রযোজক হাসিব জুবেরী শিহান জানান, শর্ট ফিল্ম কর্নারের রঁদেভু-ইন্ডাস্ট্রি মূলত একটি আন্তর্জাতিক পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা বিশ্বজুড়ে পরিবেশক, উৎসব প্রতিনিধি এবং বিক্রয় এজেন্টদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।
১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার এই চলচ্চিত্রটির গল্প কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নির্মিত। এতে দেখা যাবে ১১ বছর বয়সী এক কিশোরীর জীবন, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধনের মাধ্যমে নতুন করে সাহস ও বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায়। ছবির ‘নুড়ি’ চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারের স্থানীয় এক কিশোরী।
পরিচালক মিথুন জামান জানান, এক কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। বৈশ্বিক বাস্তবতা কীভাবে ব্যক্তিগত জীবন ও আবেগকে প্রভাবিত করে—সেই বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মানবিক সম্পর্ক ও আশার শক্তিকে সামনে আনে।
চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে আছেন হাসিব জুবেরী শিহান ও বাশার জর্জিস। সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সাউন্ড ডিজাইনে ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনায় ছিলেন আমজাদ হোসেন এবং সম্পাদনায় সামীর আহমেদ ও শিহান জুবেরী। কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন।