মুরাদনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
মুরাদনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

বিশেষ অভিযানে নগদ অর্থ জব্দ, পলাতক দুইজনের বিরুদ্ধে মামলা
 

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. রেখা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩৩০ টাকা জব্দ করা হয়। অভিযানে জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 

বুধবার (১৭ জুন) রাতে উপজেলার সদর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তার রেখা আক্তার ওই এলাকার তারু মিয়ার মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল উত্তরপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে রেখা আক্তারকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 

অভিযান চলাকালে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা তারু মিয়া ও তার ভাই শাহ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
 

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”