আজিজুর রহমান:
সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মোহাম্মদ আলী কলেজে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), শিক্ষক, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন কৃষক-কৃষাণী এবং ৩০ জন বিভিন্ন পেশাজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন।
প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হচ্ছে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়, যা বারটান অঙ্গ কর্তৃক পরিচালিত। প্রকল্পের আঞ্চলিক কার্যালয় সুবর্ণচর, নোয়াখালী এবং এটি কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত।
প্রশিক্ষণে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্য ও মৎস্য অধিদপ্তরের অভিজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্বিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন ড. নুর আলম সিদ্দিকী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সুবর্ণচর, নোয়াখালী।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. আজমীর হোসেন এবং হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক ও সংশ্লিষ্টদের দক্ষতা আরও বাড়বে।