অনলাইন ডেস্ক
বাজারে এখন বিভিন্ন জাতের সুস্বাদু আমের সমারোহ। ভরা মৌসুমে দাম তুলনামূলক কম থাকায় অনেকেই একসঙ্গে বেশি পরিমাণ আম কিনে রাখছেন। তবে সংরক্ষণের ক্ষেত্রে দেখা দিচ্ছে নানা সমস্যা। ফ্রিজে পর্যাপ্ত জায়গা না থাকায় সব আম রাখা সম্ভব হয় না, আবার প্রচণ্ড গরমে বাইরে রাখলেও দ্রুত পেকে যাওয়া বা পচে যাওয়ার আশঙ্কা থাকে।
এ অবস্থায় ফ্রিজ ছাড়াই কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে কয়েকদিন আম ভালো রাখা সম্ভব বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’। তাদের প্রতিবেদনে আম সংরক্ষণের কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বাজার থেকে আম আনার পর প্রথমে ২ থেকে ৩ ঘণ্টা ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে আমের ভেতরের তাপমাত্রা কমে যায় এবং দ্রুত পাকতে শুরু করে না। এরপর শুকনো সুতির কাপড় দিয়ে প্রতিটি আম ভালোভাবে মুছে নিতে হবে।
আমের আর্দ্রতা বজায় রাখতে এবং অতিরিক্ত গরম বাতাসের প্রভাব থেকে রক্ষা করতে প্রতিটি আম সাধারণ কাগজে মুড়িয়ে রাখা যেতে পারে। এরপর সেগুলো পিচবোর্ডের বাক্স বা ঝুড়িতে পাশাপাশি সাজিয়ে রাখলে আম সহজে নষ্ট হবে না এবং কালো দাগ পড়ার সম্ভাবনাও কমে যাবে।
সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বাক্স না থাকলে মেঝেতে চট বা খবরের কাগজ বিছিয়ে তার ওপর আম ছড়িয়ে রাখা যেতে পারে।
এ ছাড়া আম এমন স্থানে রাখতে হবে, যেখানে সরাসরি রোদ পড়ে না, তবে পর্যাপ্ত বাতাস চলাচল করে। আমগুলো গাদাগাদি করে না রেখে কিছুটা দূরত্ব বজায় রেখে সাজিয়ে রাখলে সেগুলো দীর্ঘ সময় ভালো থাকে।
প্রতিদিন অন্তত একবার আম পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়েছে। কোনো আমে কালো দাগ দেখা গেলে বা অতিরিক্ত নরম হয়ে গেলে তা দ্রুত অন্য আম থেকে আলাদা করে ফেলতে হবে। এতে বাকি আমগুলোও দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব হবে।