সেতুতে রডের বদলে বাঁশ: এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩২ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
সেতুতে রডের বদলে বাঁশ: এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

 

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ও স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন।
 

এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণকাজে স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়ভাবে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে। এতে এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 

অফিস আদেশে আরও বলা হয়, অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের পরিবর্তে বাঁশ এবং স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে জড়িত হয়েছেন বলে প্রতীয়মান হয়েছে।
 

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
 

আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। অফিস আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।