দোকান-শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ০৬:৪০ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
দোকান-শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

 

সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে সংগঠনটি জানায়, সন্ধ্যার পর দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

 

স্মারকলিপিতে বলা হয়, শহর, মফস্বল ও গ্রামে দোকান ও শপিংমলকে কেন্দ্র করে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু ভাড়া, বিদ্যুৎ বিল, ঋণের কিস্তি ও কর্মচারীদের বেতন বাড়ায় ব্যবসায়ীরা চাপে রয়েছেন।

 

এতে আরও বলা হয়, অনেক ক্রেতা দিনের বেলায় কেনাকাটা করতে না পারায় সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে দোকান খোলা না থাকলে বিক্রি কমে যায় এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।

 

সংগঠনটি প্রতিদিন নির্দিষ্ট সময় থেকে রাত ১০টা পর্যন্ত সব দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, এতে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।