ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৫৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি সরকার

হজ মৌসুম সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। শুধুমাত্র বৈধ হজের অনুমতিপত্রধারীরাই মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। 

 

জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত সময়ে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

 

ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় ঢোকার চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া কোনো প্রবাসী বা অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি অনুমতি ছাড়া হজ করলে তাকে নিজ দেশে পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

 

২০২৬ সালের ১৮ এপ্রিল ছিল উমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এর পরেও কেউ অবস্থান করলে তা আইন ভঙ্গ হিসেবে ধরা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বা সেবা প্রদানকারীরা বিষয়টি জানাতে ব্যর্থ হলে তাদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

 

জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত উমরাহর অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। ফলে এই সময়ে শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীরাই মক্কায় প্রবেশ করতে পারবেন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, হজকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে মক্কায় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে এবং কোনো অনিয়ম দেখলে দ্রুত জানাতে অনুরোধ করেছে।