প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান আজ সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বিএনপি'র নির্বাচনী ইশতেহারে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকার 'উপকূলীয় অঞ্চল নীতি ২০০৫' প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সরকার সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।