দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে একদিনেই বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপাচার্যদের চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ কার্যকর করা হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁদের সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে বেসরকারি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক ও ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম। অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেক উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন গঠন শুরু করে। ইতোমধ্যে ৫৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বর্তমান প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন উপাচার্যও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। পাশাপাশি নতুন নিয়োগে রাজনৈতিক ও আদর্শিক বিবেচনার প্রভাব রয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)সহ আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন আনা হয়।