রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা জড়িত বলে অভিযোগ উঠলেও সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় ফুরিহোলা মোনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালাতে যায়। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় গোলাগুলি হয়।
তবে গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনকে জড়িয়ে আনা অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
টানা ২৯ দিন ধরে সড়ক অবরোধ
এদিকে, পাঁচ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে টানা ২৯তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণরক্ষা অধিকার কমিটি। শনিবারও অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
দীর্ঘদিনের এ অবরোধে সাজেক পর্যটনকেন্দ্রে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। পর্যটকদের প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা কর্মহীন হয়ে পড়েছেন।
অন্যদিকে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাঘাইহাট বাজারসহ কয়েকটি সাপ্তাহিক হাটও বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ।
সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সাজেকবাসীর পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ এক মাসে গড়িয়েছে। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চারটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও একটি দাবি নিয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকেও দাবি পূরণে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।