শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০৫:০০ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে আসতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেনের বগি।

 

বুধবার ভারতের সংবাদমাধ্যম ‘ইকোনমিক টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তির অংশ হিসেবে প্রথম চালানের ২০টি বগি আগামী জুলাই মাসেই বাংলাদেশে পাঠানো হবে। ভারতের রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জুলাইয়ে রপ্তানির জন্য ২০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

 

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই চুক্তিটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে পায় ভারত। ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায় এই বগিগুলো তৈরি করা হচ্ছে।

 

ভারতীয় রেলওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই চুক্তির প্রথম রেকগুলো আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।

 

ইকোনমিক টাইমস উল্লেখ করেছে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের রপ্তানি খাতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং প্রকল্পের কাজও ধীরগতির হয়ে পড়েছিল। তবে এখন কাজ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী স্বাভাবিক গতিতে চলছে। নতুন এই ২০টি বগি আসার মাধ্যমে দুই দেশের মধ্যে বগি রপ্তানি প্রক্রিয়া আবারও সচল হচ্ছে।

 

এর আগে দ্বিপাক্ষিক যোগাযোগ ও পরিবহন অবকাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পিডিবিকে ১২০টি ব্রডগেজ বগি, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল ভারত। বর্তমান চুক্তি অনুযায়ী, বগি সরবরাহের পাশাপাশি ডিজাইন সাপোর্ট, প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং এগুলো পুরোদমে সচল করার ক্ষেত্রেও সব ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে ভারত।