সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ এপ্রিল ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ   |   ৫৯ বার পঠিত
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

 

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও উত্তোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

 

শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শীতলপুর এলাকার পশ্চিমে একটি পরিত্যক্ত জাহাজভাঙা কারখানা এলাকায় দীর্ঘদিন ধরে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে স্থানীয় একটি পক্ষ জড়িত থাকলেও বেশিরভাগ বাসিন্দা এর বিরোধিতা করে আসছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে এলাকাবাসী বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে গেলে উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪ থেকে ৫ জন আহত হন বলে স্থানীয়দের দাবি।

 

এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এলাকাবাসী মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

 

স্থানীয় বাসিন্দা মাহবুল আলম অভিযোগ করে বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। মহাসড়ক থেকে সাগরের দূরত্ব মাত্র কয়েকশ ফুট। ভাঙন শুরু হলে মহাসড়কও হুমকির মুখে পড়বে।”

 

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

 

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে উপকূলীয় এলাকা ও মহাসড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।