কারাগারে বন্দিদের জন্য ভিলা-সুবিধা, বরখাস্ত ৫ কর্মকর্তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১২ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
কারাগারে বন্দিদের জন্য ভিলা-সুবিধা, বরখাস্ত ৫ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

 

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বোগোরে একটি উচ্চ নিরাপত্তার কারাগারে কয়েকজন বন্দির জন্য বিশেষ আবাসন ও বিলাসবহুল সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ জ্যেষ্ঠ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব আবাসনে সোফা, টেলিভিশন, ফ্রিজ ও খাবার টেবিলসহ নানা সুবিধা ছিল। কারাগারের আশপাশে বিলাসবহুল গাড়ি, জিম ও নির্মাণাধীন গলফ সিমুলেটরেরও সন্ধান পাওয়া গেছে।
 

২৩ সেপ্টেম্বর সিবিনং কারাগারে আকস্মিক পরিদর্শন চালায় ইন্দোনেশিয়ার জাতীয় ন্যায়পাল (অম্বুডসম্যান)। পরিদর্শনের পর ২৬ সেপ্টেম্বর কারাগারের ওয়ার্ডেন, নিরাপত্তাপ্রধান, গাইডেন্স ও শিক্ষা বিভাগের প্রধান, নিরাপত্তা ও শৃঙ্খলা বিভাগের প্রধান এবং সাধারণ বিষয়াবলি বিভাগের প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়।
 

কারা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক রুডি সেটিয়াওয়ান বলেন, পরিদর্শনে উঠে আসা ঘটনার জন্য দায়ী হতে পারেন—এমন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

অম্বুডসম্যানের সদস্য সিয়াফ্রিদা রাচমাওয়াতি রাসাহান জানান, কারাগারের অভ্যর্থনাকেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে বেড়া দেওয়া একটি এলাকায় ১০টির বেশি বিশেষ আবাসিক ইউনিট পাওয়া যায়। কোনোটি অতিথিশালা, কোনোটি টেরেস বাড়ি এবং কোনোটি ভিলার মতো দেখতে ছিল।
 

একটি আবাসনে সোফা, ফ্রিজ, টেলিভিশন ও খাবার টেবিলের পাশাপাশি ফ্রিজে মদের বোতলও পাওয়া যায়। সেখানে থাকা এক ব্যক্তি নিজেকে বন্দি হিসেবে পরিচয় দেন।
 

কারা কর্তৃপক্ষ এসব ভবনকে ‘অ্যাসিমিলেশন হাউস’ বা বন্দিদের সমাজে পুনঃএকীভূত করার কর্মসূচির আবাসন হিসেবে দাবি করেছে। তবে অম্বুডসম্যানের সদস্য ফিকরি ইয়াসিন বলেন, কিছু আবাসনে একাধিক বন্দি থাকলেও কোথাও মাত্র একজন বন্দি থাকতেন। এতে বন্দিদের মধ্যে বিশেষ সুবিধাভিত্তিক শ্রেণিবিন্যাসের ইঙ্গিত পাওয়া যায় বলে তিনি জানান।
 

এক বন্দি তদন্তকারীদের জানিয়েছেন, এসব আবাসনে থাকার জন্য তিনি অর্থ দিয়েছিলেন। তবে কত টাকা এবং কাকে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরেক নারীর অভিযোগ, তার বন্দি স্বামীকে প্রতি সপ্তাহে ১ লাখ ৫০ হাজার ইন্দোনেশীয় রুপিয়া দেওয়ার জন্য কক্ষের প্রধান চাপ দিতেন।
 

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস