নরসিংদীতে চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০৬:০৯ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
নরসিংদীতে চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি


 

নরসিংদীর শিবপুর উপজেলায় মো. বিল্লাল হোসাইন (৪৯) নামে এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কলেজ গেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
 

নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের শ্রীপুর উপজেলার দড়িখোজেখানি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসাইনের স্ত্রী রুমা বেগম তাঁদের মেয়ে মরিয়মকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসেন। এ সময় তিনি দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসাইনকে দেখতে পান।
 

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

নিহতের স্ত্রী রুমা বেগম বলেন, মেয়েকে স্কুলে দিয়ে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর স্বামীকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, ঘটনাস্থল থেকে আত্মহত্যায় ব্যবহৃত দড়ি ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বিল্লাল হোসাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।