ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা—কোনটি বেশি কার্যকর?
অনলাইন ডেস্ক
ওজন কমানোর ক্ষেত্রে চায়ের ভূমিকা নিয়ে স্বাস্থ্যসচেতন মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই নিয়মিত গ্রিন টি পান করেন, আবার কেউ পছন্দ করেন মাচা টি কিংবা ব্ল্যাক টি (লিকার চা)। তবে একই চা গাছ থেকে উৎপাদিত হলেও এই তিন ধরনের চায়ের গুণাগুণ ও শরীরে কাজ করার ধরন ভিন্ন।
স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন টিতে এপিগ্যালোকাটেচিন গ্যালেট (ইজিসিজি) নামের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। প্রাকৃতিক ক্যাফেইনের সঙ্গে এই উপাদান শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) বাড়াতে সহায়তা করে। ফলে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে গ্রিন টি গ্রহণ করলে শরীরের অতিরিক্ত মেদ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, মাচা টি মূলত গ্রিন টি-এরই একটি উন্নত ও অধিক শক্তিশালী সংস্করণ। বিশেষ পদ্ধতিতে ছায়ায় বেড়ে ওঠা চা গাছের পাতা গুঁড়ো করে এটি তৈরি করা হয়। ফলে চা পাতার সম্পূর্ণ পুষ্টিগুণ সরাসরি শরীরে পৌঁছে যায়। সাধারণ গ্রিন টি-এর তুলনায় মাচায় অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে।
বিশেষজ্ঞদের মতে, মাচায় থাকা উচ্চমাত্রার ক্যাফেইন এবং এল-থিয়েনিন নামের অ্যামাইনো অ্যাসিড দীর্ঘ সময় শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। কফির মতো হঠাৎ শক্তি কমে যাওয়া বা অস্থিরতার অনুভূতিও তুলনামূলক কম দেখা যায়। তাই যারা নিয়মিত জিম বা ভারী শরীরচর্চা করেন, তাদের জন্য মাচা কার্যকর প্রি-ওয়ার্কআউট পানীয় হতে পারে।
ব্ল্যাক টি বা লিকার চাও ওজন নিয়ন্ত্রণে সহায়ক বলে মনে করেন পুষ্টিবিদরা। এতে থাকা বিভিন্ন উপাদান অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্রম উন্নত করে, যা পরোক্ষভাবে চর্বি কমাতে সহায়তা করতে পারে।
তবে কোন চা একজনের জন্য বেশি উপযোগী হবে, তা নির্ভর করে তার শারীরিক অবস্থা, দৈনন্দিন অভ্যাস এবং স্বাদের পছন্দের ওপর। যারা ক্যাফেইনের প্রতি সংবেদনশীল এবং হালকা স্বাদের পানীয় পছন্দ করেন, তাদের জন্য গ্রিন টি ভালো বিকল্প। অন্যদিকে, বিপাকক্রিয়া আরও সক্রিয় করতে চাইলে এবং তুলনামূলক বেশি ব্যয় বহন করতে পারলে মাচা টি বেছে নেওয়া যেতে পারে।
যারা দীর্ঘদিন ধরে সকালে দুধ ছাড়া কড়া লিকার চা পান করতে অভ্যস্ত, তারা ওজন নিয়ন্ত্রণে ব্ল্যাক টি গ্রহণ করতে পারেন। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কোনো চা-ই একা ওজন কমানোর জাদুকরী সমাধান নয়। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের পাশাপাশি এসব পানীয় ওজন কমানোর প্রচেষ্টাকে সহায়তা করতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬